দীর্ঘ ২০ মাস প্রতীক্ষার পর নতুন কমিটি পেলো নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন। শনিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর কমিটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে শক্তিশালী করবে। এ ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করাসহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এমনটাই প্রত্যাশা তাদের।
