চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাসপাড়া মহল্লার শাহজাহান একজন মুদি ব্যবসায়ী। তার ব্যবসায়িক অংশীদার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের নাজমুল ইসলাম। গত ২৭শে এপ্রিল সন্ধ্যায় নাজমুল ইসলাম ব্যবসা সংক্রান্ত আলোচনার জন্য শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সে সময় শাহজাহান বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। তখন যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ অন্যান্য আসামিরা বাড়িতে প্রবেশ করে নাজমুল ও শাহজাহানের স্ত্রী নুপুর খাতুনকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেন। পরে পরিবারের লোকজন এমন অপবাদ দিতে নিষেধ করলে তারা হুমকি-ধমকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে মারধর করে। এরপর ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা।
পরে শাহজাহান তার ব্যবসায়ী অংশীদারের জীবন বাঁচাতে ৫ দিনের মধ্যে ৭০ হাজার টাকা পরিশোধ করার কথা বলে নাজমুলকে কৌশলে উদ্ধার করেন। এরপর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বাড়ি ঘর ভাঙচুর ও হত্যার হুমকি দেয়। পরে এ ঘটনায় শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় শাহজাহানের স্ত্রী নুপুর খাতুন বাদী হয়ে ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এতে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
