সিলেটে প্রধানমন্ত্রীর সফরের দিন শনিবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ছিনতাইয়ের মুহূর্তে র্যাবের হাতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। রোববার দুপুরে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী (পিএসসি, জিডি-পি) প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সিলেট সফর ও বেশ কিছু আলোচিত ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সার্বিক গোয়েন্দা তৎপরতা, সাঁড়াশি অভিযান ও টহল কার্যক্রম বৃদ্ধি করেন তারা।
সেই ধারাবাহিকতায় সকালে গোপন সূত্রে খবর আসে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র??্যাবের একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারী দল পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ঘিরে ফেলে ওই চক্রের পাঁচজনকে আটক করে র্যাব।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন বিপুলসংখ্যক জনসমাগমের অসাবধানতার সুযোগ নিয়ে সাধারণ পথচারীদের টার্গেট করে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা আরও জানায়- তাদের দলের আরও পাঁচ সদস্য ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও ছিনতাইকৃত ২টি মোবাইল হ্যান্ডসেটসহ আম্বরখানা পয়েন্টের সানরাইজ আবাসিক হোটেলের একটি কক্ষে অবস্থান করছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ সেই পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. রনি, মো. অপু, মো. রাসেল, শাহাজালাল বেপারী, মো. আজিজুর রহমান, আবু বকর, মো. জিহাদ হোসেন, মো. নুর ইসলাম, মো. সিয়াম হোসেন ও মো. নাজমুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের মামলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা পেশাদার ও সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য। আটককৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ৯ জন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
