বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করার অভিযোগে নোমান মণ্ডল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। রোববার সকাল ১১টায় ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং একইসঙ্গে জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত কলেজছাত্র উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী আমতলা এলাকার সাইফুল মণ্ডলের ছেলে।
সে বগুড়া শহরে একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মামলা সূত্রে জানা যায়, একই এলাকার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ি গ্রামের পরিবহন শ্রমিকের স্কুলপড়ুয়া মেয়ের (১৭) সঙ্গে প্রায় এক বছর আগে নোমান মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা সদরে অবস্থান করে। আর ভুক্তভোগী স্কুলছাত্রী মায়ের সঙ্গে ভূতবাড়ি গ্রামে বসবাস করে। এ অবস্থায় ৪ঠা ফেব্রুয়ারি দুপুরের দিকে স্কুলছাত্রীকে বাড়িতে একা রেখে তার মা পারিবারিক প্রয়োজনে টাঙ্গাইল শহরে স্বামীর কর্মস্থলে যান। এ সুযোগে প্রেমিক নোমান মণ্ডল ওইদিন রাত ১০টার দিকে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করে।
পরবর্তীতে ধর্ষণের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১২ই মার্চ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের কাঠ গাছের বাগানে ফের ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রী বিয়ের কথা বলায় নোমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ মামলার আসামি নোমান মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
