জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গ্রামের মেধাবী তরুণ হাসিবুর রহমান (২৩)। তিনি মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে এবং দক্ষিণ কোরিয়ার সেও ইয়াং নামে একটি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে পার্টটাইম কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন হাসিবুর রহমান। তিনি একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক। গ্রামের বাড়িতে চলছে কান্নার রোল, প্রিয় সন্তানের এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা জানিয়েছেন, হাসিবুর রহমান ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী একজন তরুণ, যার ভবিষ্যৎ নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
