সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের গাড়িতে হামলা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়নুল বারুহাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ১২ই ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান তৎকালীন বিএনপি’র মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার।
ওই সময় আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি’র দলীয় নেতাকর্মীরা মান্নানের নিরাপত্তা নিশ্চিত করেন। ওই হামলায় বিএনপি’র প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। পরে ২০২৪ সালের ১১ই সেপ্টেম্বর ওই ঘটনায় বারুহাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল আজিজসহ ৯৯ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা দায়ের করেন। এতে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম আসামি ময়নুল।
