যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

ফন্ট সাইজ:

নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস। ১৮৮৬ সালের ৩রা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এরপর থেকে প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।

শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিকের দাবিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে। র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শ্রমিকদের অবদানকে স্মরণ করা হয়। শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের অর্থনীতি- এই সত্যকে ধারণ করে এবারের শ্রমিক দিবসেও প্রতিধ্বনিত হচ্ছে “শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার”। সারা দেশে পালিত হয়েছে মে দিবস।
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়েছে। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে শুক্রবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র‌্যালি, শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে, “ঐক্যই শক্তি, ইসলামে মুক্তি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজাফে-৮) শেরপুর উপজেলা শাখার উদ্যোগেও বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সেখানে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার এবং স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল। সভা শেষে শ্রমিকদের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ ছাড়াও শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নসহ জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। অন্যদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজাদি ময়দানে তাদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে শুক্রবার শোভাযাত্রা, সমাবেশ, লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে মহান মে দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন এবং তৈরি পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচিতে অংশ নেয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন