সারা দেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ফন্ট সাইজ:

দেশের ৮টি বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের ৮টি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জে বি এম হাসান, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীব, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ), বিচারপতি মো. হাবিবুল গনিকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ, চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম, বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) বিচারপতি রাজিক আল জলিল এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন। এর আগে ২০২২ সালের ২৭শে জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তী সময়ে সেটি বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছিল। গত বছরের এপ্রিলে সেটি পুনর্গঠন করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন