‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি রাজিব মিস্ত্রি (৩২) ওরফে কিলার রাজিবকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজিব দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রির ছেলে। এ নিয়ে পীর হত্যাকাণ্ডের ঘটনায় দশম শ্রেণির এক স্কুলছাত্রসহ ৪ জন গ্রেপ্তার হলো। র্যাব সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কথিত পীর শামীম জাহাঙ্গীরের দেয়া ইসলাম ধর্মের পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরই সূত্র ধরে ১১ই এপ্রিল এজাহারনামীয় ৪ জন আসামিসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জন আসামি বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে অবস্থিত আস্তানায় হামলা চালিয়ে কথিত পীর শামীম জাহাঙ্গীরসহ উপস্থিত দুইজন অনুসারীকে মারধর করে এবং আস্তানা ভাঙচুর করে আগুন জালিয়ে দেয়। ভিকটিমদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কথিত পীর শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে ১৩ই এপ্রিল দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া পীর হত্যা মামলার এজাহার নামীয় ৩ নম্বর আসামি রাজিব মিস্ত্রিকে রিমান্ড চেয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
