শাহজাহান চৌধুরী

২০২৭ সালেই রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালেই রোহিঙ্গাদের গুড বাই জানানো হবে। শনিবার সকালে উখিয়ার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের কারণে উখিয়া-টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণ নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হচ্ছে।

এ অবস্থায় আর দেরি না করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো বা স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিলেও এটি স্থায়ী সমাধান হতে পারে না। তাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই একমাত্র বিকল্প।

মানববন্ধনে তিনি স্থানীয় স্বার্থ রক্ষায় ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একইসঙ্গে ক্যাম্পকেন্দ্রিক অপরাধ, মাদক ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত ও টেকসই সমাধানের জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা করেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন