গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালক নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা মাজার গেইট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভ্যান (ভটভটি) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে একটি স্ক্র্যাপ দোকানের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আরমান (৩২) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

তিনি পেশায় ভটভটি চালক ছিলেন। জানা যায়, আরমান ভটভটি করে কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে দোকানের সামনে নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন মো. কামাল হোসেন (৪৩), হেলাল উদ্দিন (২০)সহ আরও দুইজন।

তাদের মধ্যে দু’জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন