জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। ইউপি সদস্য বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য ও পূর্ব মালঞ্চ এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছুম্মা নামের এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও ওই ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে না গিয়ে ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর নম্বরে যায়। ভুক্তভোগী ছুম্মা বলেন, আমার নামে কার্ড হয়েছে কিন্তু আমি টাকা পাইনি। কাগজপত্র সব আমার শুধু মোবাইল নম্বরটা মেম্বারের স্ত্রীর। তার কারণে আমি একটা টাকাও পাইনি।
এখন টাকা চাইলেও দেয় না। ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, প্রথমে আমার নম্বরে টাকা আসতো, যখনই টাকা আসতো আমি টাকা তুলে তাকে দিয়ে দিছি। কিছুদিন পর নম্বর পরিবর্তনের আবেদন করে তার নিজের নম্বর দেই। তারপর থেকে তার নম্বরেই টাকা আসে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
