হবিগঞ্জের চুনারুঘাটে গৃহকর্মীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা। শনিবার দুপুর ১২টায় হবিগঞ্জস্থ বাংলাদেশ প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ সময় লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চুনারুঘাট উপজেলার চুরতা গ্রামের শামীম মিয়ার বাড়িতে কাজ করতেন এই গৃহবধূ। গত ২০২৫ সালের ২৩শে এপ্রিল দুপুরে কাজ করার সময় অভিযুক্ত শামীম তাকে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে ২৩শে ডিসেম্বর জোরপূর্বক ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটানো হয়। এতে গুরুতর অসুস্থ হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এ ঘটনায় বিচার চাইতে গেলে প্রভাবশালীদের চাপ ও ধর্ষকের হুমকিতে তারা এলাকা ছাড়তে বাধ্য হন। সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
