আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগ মাতিয়ে বেড়াচ্ছেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকা তারকার মতে, ক্রিকেটের ভবিষ্যৎ এখন টি-টোয়েন্টি ফরম্যাটের ওপর দাঁড়িয়ে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ক্রিকেটাররা এখন পেশাদার ফুটবলারদের মতো ক্যারিয়ার গড়ার দিকে ঝুঁকছেন, যেখানে ক্লাব বা ফ্র্যাঞ্চাইজিই হবে মূল ভিত্তি। তবে এই পরিবর্তন মেনে নিতে ক্রিকেটের ‘অভিজাত’ ও ‘রক্ষণশীল’ দেশগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
ক্লাসেনের বিশ্বাস, ক্রিকেট এখন ফুটবলের ক্লাব কাঠামো অনুসরণ করতে চাইছে। তবে প্রভাবশালী বোর্ডগুলো এতে বাধা দেবে। এই উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘আমি মনে করি ক্রিকেট ফুটবলের পথে হাঁটতে চায়। তবে ক্রিকেটের রক্ষণশীলরা, বিশেষ করে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সম্ভবত নিউজিল্যান্ডের কর্তারা কখনওই তা হতে দেবেন না। তারা চাইবেন টেস্ট ক্রিকেট টিকে থাকুক। বিসিসিআই এবং আইসিসির মতো শক্তিশালী সংস্থাগুলোর কারণে বছরের মাত্র দুই মাস আন্তর্জাতিক ক্রিকেট আর বাকি সময় বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লীগ খেলার সিদ্ধান্ত কখনোই কার্যকর হবে না।’
আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লীগকে বেছে নেয়ার পেছনে আর্থিক ও ক্যারিয়ারের নিরাপত্তার বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছে। ক্লাসেন বলেন, ‘কখনও কখনও আন্তর্জাতিক দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে, আবার সেখানে পারিশ্রমিকও ততটা আকর্ষণীয় নয়। ক্রিকেট অবশ্যই একটি ব্যবসা এবং আপনি আপনার পরিবার ও নিজের ভবিষ্যতের কথা ভাববেন।’
টি-টোয়েন্টি ক্রিকেট আসায় ব্যাটিং স্টাইল এবং কোচিংয়ের ধরণেও বড় পরিবর্তন এসেছে। ক্লাসেনের মতে, আধুনিক কোচরা এখন অনেক বেশি বাস্তববাদী। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে কোচদের দিকে তাকালে দেখবেন, তারা ঠিক এইভাবেই কোচিং করাচ্ছেন। তারা জানেন যে, খেলোয়াড়দের মানসিকতা ছয় বছর আগের তুলনায় এখন আলাদা। একজন কোচ হিসেবে আপনি যদি সফল হতে চান এবং দীর্ঘদিন চাকরিতে টিকে থাকতে চান, তবে আপনার মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে।’
ক্লাসেনের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের কারণেই ক্রিকেটের অন্যান্য ফরম্যাটগুলো এখন ভিন্নভাবে খেলা হচ্ছে। এই ফরম্যাটই ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার আসল কারিগর হবে বলে তার ধারণা।
