২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে এবার আয়োজক দেশ কানাডার সঙ্গে ইরানের কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে টরন্টো বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে থেকে জিজ্ঞাসাবাদের শিকার হয় ইরান প্রতিনিধি দল। ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ জানালেন, গত বৃহস্পতিবার এই ঘটনার পর কানাডার ঢোকার অনুমতি মিললেও, সম্মান রক্ষার্থে তার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক সদস্য মেহেদি তাজ জানান, তাদের কাছে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা আইআরজিসি-র সঙ্গে সম্পৃক্ততা নিয়ে জেরা করেন। যদিও শেষ পর্যন্ত তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে তাজ একে ‘অপমানজনক‘ মনে করে নিজ থেকেই ফিরে আসার সিদ্ধান্ত নেন। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির সূত্রমতে মেহেদি তাজ বলেন, ‘তারা আমাদের জিজ্ঞেস করে আমরা আইআরজিসি-এর সদস্য কি না। আমি তাদের বলেছি, ইরানে ৯০ মিলিয়ন আইআরজিসি সদস্য রয়েছে। তারা জানালো, এটি তাদের দেশের আইন। শেষ পর্যন্ত তারা আমাদের প্রবেশের অনুমতি দিলেও আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিই।’
এই ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মধ্যস্থতার চেষ্টা করে তুর্কি থেকে বিশেষ বিমানে তাদের ভ্যাঙ্কুভারে আনার প্রস্তাব দেয়। তবে তাজ তা প্রত্যাখ্যান করেন। উল্টো ফিফা মহাসচিব মাত্তিয়াস গ্রাফস্ট্রমকে উদ্দেশ্য করে কড়া ভাষায় তিনি বলেন, “আমি বলেছি আপনারা আমেরিকাকে ভয় পান। এবং তারা যা বলে, আপনারা তাতে ‘জি হুজুর’ করেন।”
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধের উত্তেজনার কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। তবে এর মধ্যেই ইনফান্তিনো নিশ্চিত করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে। তবে ভেন্যু পরিবর্তনের দাবি না মানায় ক্ষুব্ধ তেহরান। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে।
শেষ মুহূর্তের ফয়সালায় জুরিখে বসছে ফিফা ও ইরান
কূটনৈতিক টানাপোড়েনে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিরসনে এবার সরাসরি হস্তক্ষেপ করছে ফিফা। আগামী ২০ মে’র মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে জরুরি বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
কানাডার টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের শিকার হয়ে দেশে ফেরার পর ইরান ফুটবল প্রধান মেহদি তাজ জানান, বিশ্বকাপে অংশ নেয়ার আগে অনেক অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানে সামরিক হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলা নিয়ে আপত্তি জানিয়ে আসছে তেহরান। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনড়। ইরানকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলতে হবে। এই সংকট নিরসনে ফিফা মহাসচিব গ্রাফস্ট্রমের দেয়া সময়সীমা অনুযায়ী, বিশ্বকাপের ঠিক তিন সপ্তাহ আগে জুরিখে বসবে এই রুদ্ধদ্বার বৈঠক।
ইরানি সংবাদমাধ্যমকে মেহদি তাজ বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার, খুব শীঘ্রই আমরা ফিফার সাথে বৈঠকে বসছি। আমাদের অনেকগুলো বিষয়ে আলোচনা করার আছে।’ এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইরানের অংশগ্রহণের বিষয়ে সুর নরম করেছেন। ইনফান্তিনোর ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘জিয়ান্নি (ইনফান্তিনো) যদি বলে থাকে তারা আসবে, তবে আমার কোনো আপত্তি নেই।’
