আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতিরা। শুক্রবার আইসিসি পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের এই নতুন বার্ষিক তালিকা প্রকাশ করে। লাল বলের ক্রিকেটে আগের মতোই সাতে আছে মেহেদী হাসান মিরাজের দল।
বাৎসরিক এই হালনাগাদে ২০২৫ সালের ১লা মে থেকে ২০২৬ সালের ৩০শে এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্সকে পঞ্চাশ ভাগ গুরুত্ব দেয়া হয়েছে। যদিও বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪ থেকে কমে ৭৩ হয়েছে। তবে পাকিস্তান ৩ রেটিং পয়েন্ট হারিয়ে ৭২-এ নেমে যাওয়ায় বাংলাদেশ সপ্তম স্থানে উঠে আসে। র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। নিজ নিজ অবস্থান ধরে রেখেছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। থাইল্যান্ড ও নেদারল্যান্ডস প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ না খেলায় আপাতত তালিকা থেকে বাদ পড়েছে।
এদিকে ছেলেদের টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতো নবম স্থানেই আছে মেহেদী হাসান মিরাজরা। তবে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪ বেড়ে ৬৩ থেকে ৬৭ হয়েছে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা রয়েছে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ভারত। এবং ৭ রেটিং পয়েন্ট হারিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ইংল্যান্ড। পাকিস্তান এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে, শ্রীলঙ্কা সাতে নেমে গেছে। প্রয়োজনীয় ৮টি টেস্ট না খেলায় র্যাঙ্কিং থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে তালিকায় ফিরতে আগামী এক বছরে অন্তত দুটি টেস্ট খেলতে হবে।
আইসিসি জানিয়েছে, আগামী ৫ই মে টি-টোয়েন্টি এবং ৭ই মে ছেলেদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হবে।
