ফুটবলের ময়দানে সম্প্রীতির সুবাতাস ছড়াতে চেয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে সেই প্রচেষ্টা এক চরম অস্বস্তিকর বাস্তবতার মধ্যে মুখ থুবড়ে পড়লো। ফিলিস্তিন ও ইসরাইলি প্রতিনিধিদের মধ্যে একটি পরিকল্পিত করমর্দন করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। এই নাটকীয়তার মাঝেই ইনফান্তিনো আগামী বছর তৃতীয় মেয়াদে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
কংগ্রেসের শেষ দিকে ইনফান্তিনো ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজুব এবং ইসরাইল এফএ-র সহ-সভাপতি বাসিম শেখ সুলাইমানকে মঞ্চে ডাকেন। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে একটি সংহতির চিত্র তুলে ধরা। তবে রাজুব সাফ জানিয়ে দেন, তিনি ইসরায়েলি প্রতিনিধির পাশে দাঁড়াবেন না। সভাপতির এই প্রত্যাখ্যানের কারণ জানিয়ে পিএফএ-র সহ-সভাপতি সুসান শালাবি অত্যন্ত কড়া ভাষায় বলেন, ‘আমরা এমন একজনের সাথে হাত মেলাতে পারি না, যাকে ইসরাইলিরা তাদের ফ্যাসিবাদ এবং গণহত্যা আড়াল করতে নিয়ে এসেছে। আমরা চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি।’ উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ইনফান্তিনো বলেন,‘ সভাপতি রাজুব ও সহ-সভাপতি সুলাইমান, আমরা একসঙ্গে কাজ করব। শিশুদের আশার আলো দেখাতে আমাদের এক হতে হবে। এগুলো জটিল বিষয়।’
এই কূটনৈতিক ধাক্কার মাঝেই ২০২৭ সালে মরক্কোর ফিফা নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ইনফান্তিনো। উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ আমি নিশ্চিত করছি যে আগামী বছর নির্বাচনে আমি প্রার্থী হব। আমি চেয়েছিলাম আপনারাই প্রথম এটি জানুন।’
