‘নাম না জানা শট’ প্রথম থেকেই খেলতে চান শামীম

‘নাম না জানা শট’ প্রথম থেকেই খেলতে চান শামীম

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষ হয়েছে চার দিন আগে। তবে মিরপুরের নেটে বা সংবাদ সম্মেলন, সবখানেই ঘুরেফিরে আসছে শামীম হোসেন পাটোয়ারীর সেই দুর্দান্ত ‘নো লুক শট’। ন্যাথান স্মিথের স্লোয়ার ডেলিভারিকে চোখের পলকে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে যেভাবে সীমানা ছাড়া করেছিলেন, তা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। টাইগার ব্যাটার সেই শটের নাম না জানলেও, ক্রিজে নেমে খেলতে চান প্রথম বল থেকেই।

মিরপুরে আজ অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে সেই আলোচিত শট নিয়ে প্রশ্ন করা হলে হেসেই দেন শামীম। শটটির আলাদা কোনো নাম আছে কি না, তা জানা নেই তারও। শামীম বলেন, ‘সত্যি কথা বলতে, শটটার নাম আমি জানি না। তবে আমি নেটে নিয়মিত এটি অনুশীলন করি। কারণ, ব্যাটিংয়ে নামলে ইমপ্রোভাইজড শট খেলতে আমি খুব পছন্দ করি।’

বাংলাদেশের ক্রিকেটে শামীমের ব্যাটিং ব্যাকরণ কিছুটা আলাদা। রক্ষণাত্মক খোলস ছেড়ে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হওয়া তার সহজাত প্রবৃত্তি। দলের প্রয়োজনে দ্রুত রান তোলার তাড়না থেকেই তিনি ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন না। নিজের ব্যাটিং দর্শন নিয়ে শামীম স্পষ্ট করে বলেন, বক্তব্য, ‘আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক চিন্তা নিয়ে যাই যে (গিয়েই) মারা শুরু করব। আমি যদি একটু চালু খেলতে পারি, আমার দলের জন্য অনেক ভালো।’

২০২৫ সালে টি-টোয়েন্টিতে দুর্দান্ত সাফল্যের পর গত বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। তবে শামীম মনে করেন, সেই হতাশা এখন অতীত। গত বছর শ্রীলঙ্কা, পাকিস্তান ও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয় ক্রিকেটারদের মধ্যে যে আত্মবিশ্বাস জুগিয়েছে, তা নিউজিল্যান্ড সিরিজে কাজে লাগাতে চান তিনি।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া টাইগাররা। আগামীকাল শেষ ম্যাচে দুপুর ২টায় মিরপুরে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন