দিরাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ইউএনও

দিরাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ইউএনও

ফন্ট সাইজ:

ছুটির দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরিদ্র কৃষকদের জমির পাকা ধান কেটে দিয়েছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। এতে উপকার পেয়েছেন অন্তত তিনজন কৃষক। শুক্রবার (১ মে) উপজেলার বরাম হাওরে পাশ্ববর্তী নরোত্তমপুর গ্রামের কৃষক লুৎফুর রহমান, কৃষাণী জোছনা বেগমসহ তিনজনের প্রায় চার কেদার বোরো জমির পাকা ধান কেটে দেন বিভিন্ন দপ্তরের প্রায় ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী। এতে স্বস্তি ফিরে আসে ওই কৃষক পরিবারের মাঝে।

কৃষক লুৎফুর রহমান বলেন, তার জমির ধান ৮-১০ দিন আগেই কাটার উপযোগী ছিল। কিন্তু শ্রমিকের উচ্চ মজুরির কারণে ধান কাটাতে পারছিলেন না। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসারে দ্বিতীয় কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তিনি বিপাকে পড়েন। এ অবস্থায় ইউএনওর উদ্যোগে ধান কেটে দেওয়ায় তিনি উপকৃত হয়েছেন বলে জানান। কৃষাণী জোছনা বেগম জানান, ১২ বছর আগে স্বামী ছেড়ে চলে যাওয়ার পর প্রতিবন্ধী ছেলে ও দুই মেয়েকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন তিনি। দেড় কেদার জমিতে চাষ করা ধানই ছিল পরিবারের একমাত্র ভরসা। কিন্তু বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন।


হতাশ এই কৃষাণী শুক্রবার সকালে প্রশাসনের লোকজন কর্তৃক ধান কর্তনের বিষয়টি জানতে পেরে ছুটে এসে ইউএনও'র সহযোগিতা কামনা করেন। পরে প্রশাসনের লোকজন তার জমির ধান কর্তন করে দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধান কাটায় অংশ নেন- দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পাউবোর উপসহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন দপ্তরের সহকারী ও কর্মচারীবৃন্দ।

ইউএনও সনজীব সরকার বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় দিরাই উপজেলায়। সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রায়ও দিরাই উপজেলা এগিয়ে। এ বছর হাওর অঞ্চলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকেরা সমস্যায় পড়েছেন। পাশাপাশি যান্ত্রিক কৃষির ওপর নির্ভরশীলতা বাড়ায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা অনেক দুর্দশা ও কষ্টে আছেন। এ অবস্থায় দাপ্তরিক ছুটির দিনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই আমরা এখানে এসেছি। কিছু ধান কর্তনের মাধ্যমে যদি আমরা কৃষকের সামান্য কষ্ট লাঘব করতে পারি, হয়তোবা কিছুটা হলেও তাদের উপকার হবে। তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কৃষকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন