গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এ বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নবীন গ্র্যাজুয়েটদের জীবনের এক স্মরণীয় মাইলফলক হিসেবে ধরা দেয়।
গাকৃবি’র উইন্টার ২০২৪ টার্মের বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এবং ডিভিএম প্রোগ্রামের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী এদিন গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেন। দিনটি ছিল তাদের দীর্ঘ একাডেমিক যাত্রার গৌরবময় পরিসমাপ্তি এবং নতুন জীবনের দোরগোড়ায় পদার্পণের এক অনন্য ক্ষণ।
অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ। পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্টসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপাচার্যের নিকট উপস্থাপন করেন। পরে উপাচার্য ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। সমাপনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন- কৃষিপ্রধান বাংলাদেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে দেশের কৃষিবিদদের অনন্য অবদান রয়েছে। আগামীর দক্ষ, মানবিক ও বিশ্বমানের কৃষিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও নেতৃত্বে সমৃদ্ধ হতে হবে।
