সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে বিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুদ্দিন সুমন মানবজমিনকে বলেন, আদালত লে. মাসুদ উদ্দিনের চারদিনের ডিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। একইসঙ্গে মামলার তদন্তের স্বার্থে পুনরায় চারদিনের রিমান্ড আবেদন জানানো হয়। মামলার নথি সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ৭২ বছর বয়সী মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতের পূর্ববর্তী আদেশে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
গত ২৭ এপ্রিল তাকে রিমান্ডে নিয়ে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা শেষে গোয়েন্দা কার্যালয়ে এনে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে পুলিশের দাবি, তিনি এখনো ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছেন না এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখছেন। জড়িতদের শনাক্তকরণ এবং ঘটনার সময় কার কী ভূমিকা ছিল তা নির্ধারণের জন্য আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া তার দেয়া তথ্য যাচাই-বাছাই এবং ঘটনার অন্যান্য দিক উদ্ঘাটনের স্বার্থেও আরও সময় চাওয়া হয়।
উল্লেখ্য, এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে এবং তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।
