আগৈলঝাড়ায় স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল ৯টায় কেন্দ্রটি চালু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ রয়েছে-কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (স্যাকমো) শিমু সিকদার নিয়মিত দেরিতে অফিসে আসেন। ফলে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি- সকালে স্বাস্থ্যসেবা নিতে আসলেও তারা প্রায়ই কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে পান না। এতে শিশু ও নারী রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ছাড়া জরুরি সেবা পেতে বিলম্ব হওয়ায় অনেকেই বাধ্য হয়ে বিকল্প চিকিৎসা নিচ্ছেন। স্থানীয়দের আরও অভিযোগ-স্বাস্থ্যকেন্দ্রের উপরতলায় থাকার সুবিধা কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া করেন। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমের শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবুজ মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজীব বলেন-অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন