ময়মনসিংহের ফুলপুরে বৃদ্ধা দাদিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক জসিম উদ্দিন (২৮)কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা যায়, নিহত দাদি আয়েশা আক্তার (৭৮) নাতি জসিম উদ্দিনের সঙ্গে একই বাড়িতে থাকতেন। জসিম উদ্দিন (২৮) এলাকার মাদকাসক্ত বখাটে ছেলে। তার বাবা মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করে চলে যান। জসিমের মা জমিজমা নেশাগ্রস্ত ছেলেকে না দিয়ে ননদের কাছে হস্তান্তর করেন।
ওই জমি ফেরতের জন্য জসিম প্রায়ই তার দাদির সঙ্গে ঝগড়া করতো। এ নিয়ে ঘটনার দিন রাতে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির উঠানে দাদিকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে জসিম। এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
