২০৩১ সালের মধ্যে মালয়েশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা বাড়বে ৩৯ শতাংশ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা ২০৩১ সালের মধ্যে ৩৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সম্পদ পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাংক তাদের বার্ষিক প্রকাশনা 'দ্য ওয়েলথ রিপোর্ট'-এ। একই সঙ্গে দেশটির অতি-উচ্চ-সম্পদশালী ব্যক্তিদের (ইউএইচএনডব্লিউআই) সংখ্যা ২০২৬ সালের ১হাজার ৫৬৬ থেকে বেড়ে ২০৩১ সালে ১ হাজার ৮৮১-এ পৌঁছাবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা 'বারনামা' জানিয়েছে, গত সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের ব্যবধানে ইউএইচএনডব্লিউআই-দের প্রবৃদ্ধির হার হবে ২০.১ শতাংশ, যা ২০২১ থেকে ২০২৬ সালের আগের পাঁচ বছরের ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

নাইট ফ্র্যাংক মালয়েশিয়ার গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর কেইথ ওই আজ এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা ও জ্বালানি মূল্যের ওঠানামা সত্ত্বেও মালয়েশিয়ার শক্তিশালী অর্থনৈতিক প্রসার, রিঙ্গিতের ধারাবাহিক উন্নতি এবং ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা পুঁজিবাজারের তালিকাভুক্তিই এই ইউএইচএনডব্লিউআই বৃদ্ধির মূল চালিকাশক্তি।

নাইট ফ্র্যাংকের 'প্রাইম ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল ইনডেক্স' অনুযায়ী, কুয়ালালামপুরের বিলাসবহুল আবাসন বাজারে ২০২৫ সালে স্থিতিশীল ১.১ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। একই সময়ে আবাসন লেনদেনের সংখ্যা ২০২৩ সালের ৩,৯৯,০০৮ থেকে বেড়ে ২০২৪ সালে ৪ লাখ ২০ হাজার ৫৪৫-এ দাঁড়িয়েছে, যা ৫.৪ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের তুলনায় কুয়ালালামপুরের এই প্রবৃদ্ধি বেশ স্থিতিশীল। একই সময়ে হংকংয়ে বিলাসবহুল আবাসনের মূল্য ২.১ শতাংশ হ্রাস পেয়েছে, অন্যদিকে সিঙ্গাপুরে বিক্রয়মূল্য প্রতি বর্গফুটে ৬ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং প্রবৃদ্ধির হার হয়েছে ৭.৯ শতাংশ।

২০২৬ সালের বাজার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাইট ফ্র্যাংক প্রপার্টি হাবের ইন্টারন্যাশনাল প্রজেক্ট মার্কেটিং নির্বাহী পরিচালক অ্যাড্রিয়ান ইয়ো বলেন, প্রস্তাবিত রিয়েল প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যাক্ট এবং টেডুহ প্ল্যাটফর্মের মতো সংস্কারমূলক পদক্ষেপ বাজারের মনোভাব কিছুটা ইতিবাচক রাখলেও সামগ্রিক দৃষ্টিভঙ্গি মিশ্র। এ পরিস্থিতিতে বেসরকারি মূলধন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে বিনিয়োগে বৈচিত্র্য আনার দিকে ঝুঁকতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন