ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র তারাকান্দা বাজার। এই বাজারের গাঙ্গিনাপাড় ধানমহল এলাকায় মহাসড়কের ড্রেনেজ ব্যবস্থার পানি সঞ্চালন বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই ড্রেনে পানি উপচে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা স্থবির করে দিচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। বুধবার সরজমিন দেখা যায়Ñ ধানমহল এলাকার ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। ফলে বৃষ্টির পানি বের হওয়ার কোনো পথ নেই। এতে ধান কেনাবেচা করতে আসা কৃষক এবং ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান মুন্সি বলেনÑ ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার না করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই ধানমহল এলাকায় পানি জমে যায়, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। জনস্বার্থে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ-ড্রেনগুলো পরিষ্কার না করায় শুধু জলাবদ্ধতাই নয়, পচা পানির দুর্গন্ধে পরিবেশও দূষিত হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা তারাকান্দা বাজারের এই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানিয়েছেন।
