ইস্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেডের গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না ক্রেতারা। কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলা, গাফিলতি ও প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্লট মালিক সমিতি। বুধবার দুপুরে সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্লট মালিকরা তাদের দীর্ঘ ২১ বছরের ভোগান্তির চিত্র তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ও কর আইনজীবী মোহাম্মদ ছানাউল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৫ সালে ইস্টার্ন সিলেট প্রা. লি.-এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে আকর্ষণীয় প্রতিশ্রুতির ভিত্তিতে প্রায় দুই শতাধিক প্লট বিক্রি করা হয়।
কোম্পানি ২০০৮ সালের জুনের মধ্যে রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে প্লট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, ২০২৬ সালেও অধিকাংশ ক্রেতা তাদের প্লটের দখল পাননি। প্রায় শতাধিক প্লট সাব-কবালা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করা হলেও বাকি প্লটগুলো বিক্রয় ডিডের মাধ্যমে চুক্তিবদ্ধ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. সালেক উদ্দিন, নির্বাহী সদস্য অধ্যাপক শাহ বদরুল আলম ও অধ্যাপক প্রদীপ কুমার দে, অর্থ সম্পাদক মো. কিবরিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ, সদস্য মো. শামছুর রহমান সুজা, মো. আরশাদ উল্লাহ খান ও মো. মনছুর আহমেদ।
