হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ধারণক্ষমতার কয়েকগুণেরও বেশি অটোরিকশা ও টমটম চলাচল করায় বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে অর্ধশতাধিক অবৈধ চার্জিং গ্যারেজ, যেখানে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত একযোগে হাজারেরও বেশি যানবাহন চার্জ দেয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, রিকশার তুলনায় টমটমের ব্যাটারি বড় হওয়ায় বিদ্যুৎ খরচও বেশি হচ্ছে, যা সামগ্রিক লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জানা যায়- শায়েস্তাগঞ্জ শহরে একাধিক টমটম-সিএনজি-অটোরিকশার বিভিন্ন এলাকায় গ্যারেজ রয়েছে। পৌর এলাকার বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা অবৈধ চার্জিং গ্যারেজগুলোতে প্রতিদিন রাতভর ২০ থেকে ৫০টি পর্যন্ত যানবাহন একসঙ্গে চার্জ দেয়া হচ্ছে। এসব গ্যারেজে অধিকাংশ ক্ষেত্রেই কোনো বৈধ সংযোগ বা নির্দিষ্ট মিটারিং ব্যবস্থা নেই।
অভিযোগ রয়েছে, সরাসরি লাইন টেনে কিংবা অনিয়মিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়ও তৈরি হচ্ছে অস্থিরতা। স্থানীয়রা জানান- রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করে এবং মাঝেমধ্যে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এতে গৃহস্থালি কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঘটনাও বাড়ছে। তাদের অভিযোগ, এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে এসব অবৈধ গ্যারেজ পরিচালিত হচ্ছে।
