ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই এলাকার মৃত সাইফুল্লাহ’র ছেলে। তিনি প্রতিদিনের মতো নিজের চাষকৃত ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আলী হোসেন জানান- বাবা মাগরিবের নামাজের আগে ধানক্ষেত দেখতে যান। কিন্তু কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, কিছুই বুঝতে পারছি না।
তিনি আরও জানান, ঘটনার পর মরদেহের পাশে বাবার ব্যবহৃত মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত ছিল। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন- নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে। তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
