কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় কেটে রাস্তা তৈরি ও নতুন শেল্টার নির্মাণ কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্প-৪ এক্সটেনশন, ব্লক-ই এলাকায় প্রায় ১০ ফুট প্রশস্ত রাস্তা কেটে ৮৮৮টি শেল্টার নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ- কিছু আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে এই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে পাহাড় কাটা ও স্থায়ী ধাঁচের আবাসন নির্মাণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ধরনের কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা টঘঐঈজ বা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পরিবেশবিদ ও স্থানীয়দের একাংশ বলছেন- ক্যাম্প এলাকায় পাহাড় কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এ বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।
এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অনিয়মের সুযোগ না থাকে।
