বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে বিলকিস আক্তার জাহান শিরিনের দুই মাসও হয়নি। এরইমধ্যে তার একাধিক কর্মযজ্ঞে আশান্বিত হয়ে উঠেছে নগরবাসী। খাল খনন, সড়ক বর্ধিতকরণ, প্ল্যান পাসের জটিলতা লাঘবের পর এবার নগরবাসীর পানি সংকট লাঘবে একটি বড় প্রকল্প চালু করা হলো। গতকাল বুধবার বরিশাল নগরীর রূপাতলীতে ১৬ এমএলডি ক্ষমতাসম্পন্ন পানি শোধনাগারটি আবার চালু হয়েছে। প্ল্যান্টটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনের মধ্যদিয়ে দীর্ঘদিনের পানি সংকটে থাকা নগরবাসীর মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।সিটি করপোরেশন সূত্র জানায়, শোধনাগারটি দীর্ঘদিন ধরে আংশিক অকার্যকর থাকায় নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত পানি সরবরাহ ব্যাহত হচ্ছিল। এতে অনেক পরিবারকে বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হয়েছে।
কেউ টিউবওয়েল বা পুকুরের পানি ব্যবহার করেছে। কেউ আবার অতিরিক্ত খরচ করে বোতলজাত পানি কিনেছেন। ফলে সুপেয় পানির সংকট নগরবাসীর নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছিল। সম্প্রতি প্ল্যান্টটিতে বড় ধরনের মেরামত, যন্ত্রপাতি পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়ন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন এটি প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন লিটার পানি শোধন করে নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, এই শোধনাগার চালু হওয়ায় শুধু পানি সরবরাহই বাড়বে না, নগরবাসীর জীবনযাত্রার মানও উন্নত হবে। নিরাপদ পানি নিশ্চিত হলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে, সময় সাশ্রয় হবে এবং মানুষের দৈনন্দিন চাপও কমবে। বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নিরাপদ পানি সরবরাহ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই প্ল্যান্ট চালুর মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
নগরের বাসিন্দাদের মধ্যেও ইতিমধ্যে আশার সঞ্চার হয়েছে।
নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত হলে সবচেয়ে বেশি উপকার পাবেন নারী ও শিশুরা, যাদের ওপর পানি সংগ্রহের বাড়তি চাপ ছিল। গত ১৬ই মার্চ বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। প্রশাসকের চেয়ারে বসেই তিনি নগরবাসীর নানা সংকট মোকাবিলায় দ্রুত কিছু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। এর মধ্যে বিসিসি’র প্লান পাসের দীর্ঘ জটিলতার সমাধান, খাল খনন, সড়ক মেরামত, যত্রতত্র বসা হকার উচ্ছেদ, সড়কের মাঝে স্থপতি পার্কটি উচ্ছেদ অন্যতম। এবার তিনি দ্রুততম সময়ে নগরবাসীর পানি সংকট নিরসনে পানি শোধনাগারটি চালু করলেন।
