হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্যতম প্রধান ও একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই যুগ পার হলেও সড়কটির কোনো কার্যকর সংস্কার বা উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়নি। জানা যায়, পৌরসভা প্রতিষ্ঠার শুরুর দিকে সড়কটির ড্রেন নির্মাণসহ পিচঢালা কাজ সম্পন্ন করা হয়েছিল। সে সময় এটি ছিল একটি মানসম্মত ও চলাচলযোগ্য সড়ক। তবে পরবর্তীতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটির চিত্র বদলে যায় জমে থাকে পানি, সৃষ্টি হয় চরম ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সড়কটির এমন দুরবস্থা চলছে। একটু বৃষ্টি হলেই পুরো সড়ক জুড়ে পানি জমে থাকে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৭ নম্বর ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটি এখন অবহেলা, দায়িত্বহীনতা এবং প্রশাসনিক উদাসীনতার এক জীবন্ত প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সড়কটি আর রাস্তা বলে মনে হয় না, বরং একটি জলাশয়ে রূপ নেয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একাধিকবার উন্নয়ন কাজের জন্য বরাদ্দ এলেও সড়কের প্রবেশমুখ সংকীর্ণ থাকার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়। তবে এ যুক্তিকে যথাযথ বলে মনে করছেন না এলাকাবাসী।
তাদের মতে, সময়মতো নিয়মিত সংস্কার করা হলে আজ এ ধরনের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না। এলাকাবাসীর দাবি, সড়কের প্রবেশমুখ অন্তত ১২ ফুট বা তার বেশি প্রশস্ত করা হলে এম্বুলেন্স, নোহা এবং অন্যান্য জরুরি যানবাহন সহজেই চলাচল করতে পারবে। এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে তারা মনে করেন।
