লালপুরে পেট্রোলের লিটার ৩০০ টাকা, ডিজেল ১৭০

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে তেল পাম্প ও ডিলার পয়েন্টগুলোতে তেল বিক্রিতে শতভাগ স্বছতা না থাকায় দীর্ঘ লাইন ও ভোগান্তি শেষে তেল ছাড়াই ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। অথচ সিন্ডিকেটের মাধ্যমে খুব সহজেই কালোবাজারে ৩০০ টাকা লিটার পেট্রোল ও ১৭০ টাকা লিটার ডিজেল বিক্রি হচ্ছে। সরজমিন সত্যতাও পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট থেকে বড় কন্টেইনার ও চোরাই পথে তেল সংগ্রহ করেন কালোবাজারিরা। এ ছাড়া, ডিপো থেকে বেনামি এজেন্সির জন্য বরাদ্দ নিয়ে আসা তেল রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছে তেল পরিবহনে যুক্ত একটি চক্র। পরে সে সব তেল কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, স্থানীয় ডিলার পয়েন্টে সরকার নির্ধারিত মূল্য অমান্য করে প্রকাশ্যে ডিজেল ১৫০-১৭০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

এ ছাড়া, রাতের অন্ধকারে বড় বড় ব্যারেলে করে তেল অন্যত্র পাচার করা হচ্ছে। পাইকপাড়া বাজারের এক ব্যবসায়ী (৪০) জানান, পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পান না। পেট্রোলের অভাবে বাইক চালাতে না পেরে বাধ্য হয়ে কালোবাজারিদের থেকে ৩০০ টাকা লিটার পেট্রোল কিনেছেন। রাতের অন্ধকারে তেলবাহী গাড়ি থেকে তেল সরবারাহের বিষয়ে মো. বাবু হোসেন (৪১) নামের স্থানীয় এক ব্যক্তি মানবজমিনকে বলেন, গত দেড় মাসে লালপুর, বিলমাড়িয়া, দুড়দুড়িয়া, রহিমপুর হাজিরমোড়, উধনপাড়া গোরস্থান, পোড়াসাঁকো ও পাইকপাড়া এলাকায় একাধিকবার তেল সরবরাহ করেছে একটি চক্র। এসব ক্ষেত্রে ফিলিং স্টেশনের কর্মচারী ও সরকার দলীয় কিছু কর্মীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তেল বিক্রির সময় নিয়োজিত ট্যাগ অফিসারকে ম্যানেজ করে ডিলার ও পাম্প মালিকদের বিরুদ্ধে অবৈধভাবে তেল বিক্রি ও মজুত রাখার অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ব্যাপারে লালপুর ফিলিং স্টেশনের ম্যানেজার আ. রহিম মানবজমিনকে বলেন, তেল নেয়ার সময় সিরিয়াল ও শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে অনেক সময় ধাক্কাধাক্কি হয়। সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী সামাল দেন। তবে অবৈধভাবে তেল বিক্রি ও মজুতের বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ মানবজমিনকে জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিভিন্ন সময় জরিমানা করা হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি অবৈধভাবে তেল বিক্রি ও মজুতকারীর তথ্য দিতে সকলের প্রতি আহ্বান জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন