অযত্নে কোটি টাকার লিফট, ঝুঁকিতে পাবিপ্রবি শিক্ষার্থীরা

ফন্ট সাইজ:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর নতুন একাডেমিক ভবনগুলোতে লিফট চালুর পর থেকেই একের পর এক ত্রুটি দেখা দিচ্ছে। প্রায়ই কোনো না কোনো লিফটে শিক্ষার্থীরা আটকে পড়ার ঘটনা ঘটছে, যা ক্যাম্পাস জুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনগুলোতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লিফট চালু করা হলেও, এর প্রায় তিন বছর আগেই লিফটগুলো ক্যাম্পাসে আনা হয়। অভিযোগ রয়েছে, ভবনের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই লিফট স্থাপন করা হয়েছিল। ফলে দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় লিফটের ওপর ইট, কংক্রিট, বালু, সিমেন্ট, ময়লা ও পানি জমে সেন্সরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কার্যক্ষমতা ব্যাহত হয়েছে। লিফট সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি প্রকৌশলী দল পরিদর্শনে এসে এসব অনিয়ম লক্ষ্য করে হতাশা প্রকাশ করে ফিরে যায় বলে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই লিফট স্থাপন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জানা যায়, ক্যাম্পাসে মোট ২৫টি লিফট স্থাপন করা হয়েছে, যার মোট ব্যয় প্রায় ১৮ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে প্রশাসনিক ভবনে ২টি, একাডেমিক ভবন-১-এ ৮টি, একাডেমিক ভবন-২-এ ৩টি, ছাত্রী হলে ৬টি এবং ছাত্র হলে ৬টি লিফট রয়েছে। প্রতি লিফটের গড় ব্যয় প্রায় ৭৪ লাখ টাকা। সমপ্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় দেখা গেছে, লিফটের ভেতরে আটকা পড়ছেন শিক্ষার্থীরা। লিফটে ওঠার পর সেটি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং দরজা না খোলায় ভেতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে শ্রমিকরা এসে কয়েক মিনিট পর দরজা খুলে তাদের উদ্ধার করেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল মামুন তাকবীর বলেন, “আমরা সাতজন একটি লিফটে আটকে পড়ি। প্রায় ৭-৮ মিনিট পর বাইরে থেকে শ্রমিকরা দরজা খুলে আমাদের উদ্ধার করেন। আমরা খুব ভয় পেয়ে যাই। পরদিন আবার লিফটের ত্রুটিতে আমার হাতে আঘাত লাগে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দ্রুত কাজ শেষ করতে গিয়ে আগেই লিফট স্থাপন করেছে। লিফট চালুর পর এক বছর প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ করার কথা থাকলেও তা যথাযথভাবে পালন করা হয়নি। বর্তমানে যন্ত্রাংশগুলো পরীক্ষা করে ত্রুটিপূর্ণ অংশ পরিবর্তন এবং নতুন অপারেটর নিয়োগ দিলে সমস্যা সমাধান সম্ভব বলে তিনি জানান। এদিকে শিক্ষার্থীরা দ্রুত লিফটের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, নিয়ম মেনে পুনঃসংযোগ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন