কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতভর চলা এই গোলাগুলির শব্দে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নির্ঘুম রাত কাটান। ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, অধিনায়ক, বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন। এর আগে মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী টানা গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, বালুখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের ‘চাকমা কাটা’ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) ও অপর সশস্ত্র গোষ্ঠী এআরএ’র মধ্যে এই গোলাগুলি হয় বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে অন্তত শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে স্থানীয়দের দাবি। বালুখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, রাতে হঠাৎ প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনি। পুরো এলাকা আতঙ্কে ছিল। এদিকে সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান নিশ্চিত করে স্থানীয়দের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। উখিয়া ব্যাটালিয়ন বিজিবি জানায়, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
