কুষ্টিয়ায় সাড়ে ৩ কোটি পিস তামাকজাত পণ্য ধ্বংস করলো কাস্টমস

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় সাড়ে ৩ কোটি পিস অবৈধ বিড়ি-সিগারেট, জর্দা ও গুল বিনষ্ট করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিনষ্টকরণ কর্মসূচির অংশ হিসেবে জেলার ছয়টি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব তামাকজাত পণ্য ধ্বংস করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জুগিয়া এলাকার ময়লার ভাগাড়ে জব্দকৃত বিপুল পরিমাণ তামাকজাত পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়-গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ভ্যাট বিভাগের বিভিন্ন অভিযানে এসব তামাক ও তামাকজাত পণ্য জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এসব পণ্য অরক্ষিত অবস্থায় পড়ে থাকলেও আইনি জটিলতার কারণে এতদিন বিনষ্ট করা সম্ভব হয়নি।

এবার প্রথমবারের মতো কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এসব তামাকজাত পণ্য বিনষ্টকরণের উদ্যোগ নেয়। এর আগে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধ্বংসযোগ্য বিবেচনায় সংশ্লিষ্ট পণ্যসমূহ বিনষ্টকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়। গত ২২শে এপ্রিল কমিটির আহ্বায়ক যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমানের সভাপতিত্বে কুষ্টিয়ার বিভাগীয় দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ১৮৩ জি. আর সংশ্লিষ্ট তামাকজাত পণ্য ধ্বংসের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকালেই এসব তামাকজাত পণ্য ধ্বংস করা হয়। ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নাসিম, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হাসান এবং বিজিবি ৪৭ ব্যাটালিয়নের এডি নুরুল হুদা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন