দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে: রিতা

দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে: রিতা

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় ও বঞ্চিত মানুষ যেন কোনোভাবেই আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয় এ ক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের দায়িত্ব সবচেয়ে বেশি। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরেই লিগ্যাল এইড প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে হাজার হাজার মানুষ বিনাপয়সায় আইনগত সহায়তা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য একটাই জনগণের কল্যাণ করা ও দেশের কল্যাণ করা। বিএনপি’র মূল শক্তিই হচ্ছে জনগণ। নিজের মন্ত্রণালয় প্রসঙ্গে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন সততা নিয়ে কাজ করতে পারি। বিমান মন্ত্রণালয়ে যে দুর্নাম আছে আমি যেন তা ঘুচিয়ে দিতে পারি ও একটা নতুন দিগন্তের সূচনা করতে পারি।

সিনিয়র জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পিপি নুরতাজ আলম বাহারসহ অনেকে।

এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিকে দুপুরের পর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ধলেশ্বরী নদীর ভাঙনরোধে ৪২ লাখ টাকা ব্যয়ে ৮০ মিটার এলাকায় জিওব্যাগ ও জিও টিউবের মাধ্যমে প্রাক-প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার গিয়াস মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন