মসজিদের পুকুরের মাছ লুট করে তদবির করতে থানায়, বিএনপি নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরের মাছ লুট ও সংঘর্ষের মামলার প্রধান আসামি হয়ে থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আব্দুর রাজ্জাক নামে এক বিএনপি নেতা। তিনি একই উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও গাবরগাড়ী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুর রাজ্জাক একটি পুকুরে মাছ লুট ও সংঘর্ষের মামলার প্রধান আসামি। তিনি সোমবার দিনগত রাতে ওই মামলার বিষয়ে তদবির করতে এলে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গাবরগাড়ী জামে মসজিদের একটি পুকুর দখল নিয়ে মসজিদ কমিটির সঙ্গে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি এনামুল হক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৭ই এপ্রিল এনামুল ও রাজ্জাকের নেতৃত্ব্বে ১৫-১৮জন ওই মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে ৮ থেকে ১০ লাখ টাকার মাছ জাল ফেলে তুলে নেয়। এতে মসজিদ কমিটি নিষেধ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করতে যায় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে বিলম্বে পৌঁছালে তারা মাছ নিয়ে চলে যায়। পরে এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে ৮-১০ লাখ টাকার মাছ লুটের একটি মামলা দায়ের করেন। কিন্তু থানায় অভিযোগ দিয়েও মসজিদ কমিটি কোনো প্রতিকার না পেয়ে পরদিন ১৮ই এপ্রিল (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ কমিটি এবং গ্রামবাসী যৌথভাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে বিএনপি নেতা আবদুর রাজ্জাক ও এনামুল হক বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধভাবে মানববন্ধনে উপস্থিত হওয়া মসজিদ কমিটির সভাপতির ওপর আতঙ্কিত হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন