বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মধুপুর ইউনিয়নের একটি প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান। বাঙালি নদী তীরবর্তী অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি অনবদ্য ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাদের অনেকের স্মৃতিতে হয়তো এখনো বিদ্যালয়টি বারবার ছবি হয়ে ফুটে ওঠে। কিন্তু বর্ষাকালে বিদ্যালয়টিতে এলেই এলোমেলো হয়ে যাবে তাদের সুখস্মৃতি। হাঁটু পানি মাড়িয়ে বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিচরণ নিশ্চয়ই তাদের ব্যথিত করবে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি যেন বিদ্যালয়টির একটি সাধারণ ঘটনা।
আর নিয়মিত বর্ষায় বা অতিবৃষ্টিতে ওঠে আরও প্রকট। বিদ্যালয়টির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এখনই মাটি ভরাটের প্রয়োজন। এ বিষয়ে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বলেন, মাটি ভরাটের ন্যায্য দাবি নিয়ে উপজেলা প্রশাসনে ও উপজেলা শিক্ষা অফিসে আবেদন করলেও এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। আশাকরি, সমস্যা লাঘবে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি লাঘবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।
