লালপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সজিবুল হৃদয় নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। তিনি এনটিভি অনলাইনের নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। রোববার এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। অভিযোগ অনুযায়ী, রোববার দুপুরে বজলুর রহমান নামের এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে হুমকি দেন। অভিযুক্ত বজলুর রহমান উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, সম্প্রতি লালপুর থানার নতুন ওসি শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরপর থেকেই উপজেলা জুড়ে মাদকবিরোধী অভিযান, সড়কে তল্লাশি জোরদার এবং অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ে। এসব কার্যক্রম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতেই হুমকির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয় মানবজমিনকে জানান, ফোনে তাকে মারধর ও হত্যার হুমকি দেয়া হয়েছে। এমনকি তার বাড়ির অবস্থান সম্পর্কে জানার কথাও বলা হয়েছে।

হুমকির কল রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মাদক সংশ্লিষ্ট ব্যক্তিরা চান না যে পুলিশের অভিযান ও ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে উঠে আসুক। এ কারণে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে অভিযুক্ত বজলুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের তদন্ত চলছে এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন