পটুয়াখালীতে ধর্ষণচেষ্টার মামলার বাদীকে হুমকির অভিযোগ

ফন্ট সাইজ:

পটুয়াখালীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনায় মামলার বাদী ভুক্তভোগী নারীকে জীবননাশের হুমকি দিয়েছে আসামিরা। জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেড়াখালী এলাকার বাসিন্দা আলী হোসেন সিপাহী বিদেশে থাকেন। স্বামী বিদেশে থাকার সুযোগে প্রবাসীর স্ত্রী বাদী রাহিমা বেগমকে একই বাড়ির চাচাতো ভাসুর জাফর সিপাই বিভিন্ন সময় যৌন হয়রানির চেষ্টা করে আসছিল।

এ ঘটনা আত্মীয়স্বজনকে অবহিত করায় ক্ষিপ্ত হয় জাফর সিপাই। ঘটনার দিন রাহিমা বেগম বসতঘরের পেছনে বারান্দার রুমে ঘুমিয়ে পড়েন। ঘুমানো অবস্থায় বিকাল আনুমানিক ৪টার দিকে জাফর সিপাই ঘরের দরজার খিল কৌশলে খুলে রুমে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে কয়েকজন দৌড়ে এসে জাফরকে হাতেনাতে ধরে ফেলে। তখন উঠানে অপেক্ষমাণ জাফরের ভাতিজা সহযোগী জব্বার সিপাই ঘরে ঢুকে রাহিমা বেগমের মাথায় বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং রাহিমার সতীন নাছিমা বেগমকেও মারধর করে জাফরকে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় খুন জখমের ভয় দেখিয়ে বীরদর্পে চলে যায়। স্বজনরা রক্তাক্ত আহত রাহিমা বেগমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন। সপ্তাহব্যাপী চিকিৎসা শেষে সুস্থ হয়ে রাহিমা বেগম সদর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করতে বলেন। নিরুপায় রাহিমা বেগম উক্ত বিজ্ঞ আদালতে জাফর সিপাই ও জব্বার সিপাইকে আসামি করে একটি পিটিশন দাখিল করেন। বিজ্ঞ আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য পটুয়াখালী সদর থানার ওসিকে বলেন। এ মামলা করায় আসামিরা বাদী ভিকটিম রাহিমা বেগমকে বিভিন্নভাব ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেয়।
এ হুমকির ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত(ক) অঞ্চল-এ জাফর সিপাই, জব্বার সিপাই ও মিজানুর সিপাইকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। রাহিমা বেগম বলেন, আসামিরা প্রকাশ্য দিবালোকে চলাফেরা করে বিভিন্নভাবে তাকে খুন- জখম করার হুমকি দিচ্ছে। তিনি আসামিদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কমল বড়াল জানান, মামলাটি কোর্ট থেকে এসেছে, মামলার তদন্ত কাজ চলছে, সঠিক তদন্ত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন