সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গেল ফেব্রুয়ারি মাস থেকে ওই কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। আবার অনেক শ্রমিকের ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পড়েছে। বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ বেতন পরিশোধে বারবার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই তারা বেতন আদায়ের দাবিতে সড়ক অবরোধ করেছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান তারা। এদিকে মহাসড়ক বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।
