ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় জেলেদের বড়শিতে আটকা পড়েছে বিপন্ন প্রজাতির একটি কুমির।
সোমবার সকাল ৮টার দিকে গোপালপুর ঘাট থেকে একটু দূরে কাজীবাড়ি ঘাটের কাছে মাছশিকারি স্বপন বেপারীর মাছ ধরা হাজারি বড়শিতে কুমিরটি ধরা পড়েছে। কুমিরটি আনুমানিক ৮ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট চওড়া। এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটিকে এক নজর দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা। মাছশিকারি স্বপন বেপারি এ প্রতিবেদককে জানান, আমরা কয়েকজন মাছশিকারি প্রতিদিনের মতো আজকেও সকালে পদ্মা নদীর কাজীবাড়ির ঘাটের কাছে পদ্মা নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ আমাদের মাছ ধরার বড়শিতে একটি কুমির আটকা পড়ে। পরে আমরা কুমিরটিকে উদ্ধার করে কাজীবাড়ির ঘাটে নিয়ে আসি।
তিনি আরও বলেন, কুমিরটিকে উদ্ধার করে আমরা প্রশাসনকে খবর দেই। প্রশাসনের লোকজন কুমিরটিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার জন্য তাদেরকে খবর দেন।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, সকালে পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির আটকের বিষয়ে জানতে পারি। তাৎক্ষণিকভাবে কুমিরটির নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, কুমিরটিকে হস্তান্তর করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
