দিরাইয়ে প্রেমের বিয়ের ৫ মাসেই ট্র্যাজেডি: বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

প্রেম করে বিয়ের পাঁচ মাস না পেরুতেই স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের ঘটনায় মনিকা বেগম (১৮) ও তার স্বামী মাহফুজ (১৮)-এর করুণ মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ পেশায় গার্মেন্টস কর্মী। একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় পাঁচ মাস আগে তারা পরিবারের অজান্তে বিয়ে করে। পরে উভয় পরিবার বিষয়টি মেনে নেয় এবং তারা পারিবারিকভাবে বসবাস করে আসছিল। মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, রোববার সকালে তার স্ত্রী ও পুত্রবধূ রান্না শেষে খাবার পরিবেশন করে। তিনি খাবার শেষে হাওরে ধান কাটতে চলে যান। কিছুক্ষণ পর খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন, তার ছেলে ও পুত্রবধূ রান্নাঘরে বিষপান করে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকা বেগমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত মনিকা বেগমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন