পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষা পেতে শত শত মানুষ মানববন্ধন করেছেন। গতকাল রোববার ভাঙনকবলিত হাজিরহাটের লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, তেঁতুলিয়া নদীর ভাঙনে হাজিরহাট এলাকার লঞ্চঘাট, স্থানীয় মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সহ বাজারের ব্যবসায়ীদের দোকানঘরগুলো হুমকির মুখে পড়েছে। অচিরেই ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে বিলীন হয়ে যেতে পারে হাজিরহাট এলাকা।
ইতিমধ্যে ওই এলাকার বসতঘর ব্যবসাপ্রতিষ্ঠান সহ শতাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হাওলাদার, হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, হাজিরহাট জামে মসজিদের ইমাম হাফেজ ওবায়দুল্লাহ হামজা, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন খান, স্থানীয় ইউপি সদস্য হাবিব চৌকিদার, সাবেক ইউপি সদস্য স্বপন গাজী প্রমুখ।
