ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে আব্দুল করিম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলস্টেশন এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আহত যুবক আব্দুল করিম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাসিন্দা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করছিলেন আব্দুল করিম নামের ওই যুবক। ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন প্রবেশের আগে ছিনতাইকারীর কবলে পড়েন আব্দুল করিম। ছিনতাইকারীরা তার ঘাড়ে ও পেটে ছুরিকাঘাত করে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, পরে তিস্তা ট্রেনের যাত্রীরা বিষয়টি টের পেয়ে কাওরাইদ স্টেশন থেকে আহত আব্দুল করিমকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে উঠিয়ে দেন। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসলে জিআরপি পুলিশ আব্দুল করিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ছিনতাইয়ের বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আব্দুল করিমের পুরো নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি আকতার হোসেন।
