বান্দরবানের লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোক’ করে অসুস্থ হয়ে পড়েছে। রোববার একই বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। এর আগে গত তিনদিন আগেও একইভাবে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল বলে জানা গেছে।
জানা যায়, বিদ্যুৎয়ের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎহীন কক্ষে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা একে একে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীদের অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণির শামীমা আক্তার, খুরশিদা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, আলিফা আক্তার, রুবাইয়া আবচার, জান্নাত আরা বেগম ও সামিয়া, অষ্টম শ্রেণির শাহিদা বেগম ও তায়্যিবিন আক্তার, দশম শ্রেণির ফাতেমা আক্তার ও শিফা আক্তার।
এ ছাড়াও সাদিয়া, জান্নাতুল মাওয়া, জিয়া, জুনাইদুল ইসলাম ও আবু সুফিয়ানসহ আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন্য শিক্ষার্থী আর ১৩ জন শিক্ষক রয়েছে। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
