হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে আরও ১ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৭ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৪ শিশু। রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ২১শে এপ্রিল সাড়ে তিন বছরের শিশু মেয়েটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে জেলার ত্রিশাল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। এরইমধ্যে শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

তিনি বলেন, গত ১৭ই মার্চ থেকে ২৬শে এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৩ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৭৫৫ শিশু। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন