ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে। পর্যায়ক্রমে এটি নিষিদ্ধ করা হবে এবং সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার ধানমণ্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য জনজীবন বিপর্যস্ত করছে।
ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, এই সমস্যাটা বেশ বিস্তৃত। অতএব রাতারাতি যেকোনো সময় যেকোনো উদ্যোগ একটু কঠিন হয়। ফলে যেটা নিলে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা একটু জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে যেতে চাচ্ছি। রবিউল বলেন, এই সময় আমিও জর্জরিত, সবাই জর্জরিত। আবার অটোরিকশাচালকরাও জর্জরিত। এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছি। যেটাতে সবাই একমত হয়, পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়।
