রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আসমা ভূঁইয়ার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মোমিন ভূঁইয়া। শনিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমার স্বামী মোমিন ভূঁইয়া বলেন, সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তারা কমলাপুর রেলস্টেশনে এসেছিলেন। সবাই লাইন ধরে ট্রেনে উঠছিল, এ সময় ট্রেনটি হঠাৎ ছেড়ে দিলে দ্রুত ওঠার চেষ্টা করেন আসমা। কিন্তু পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পড়ে যাওয়ার সময় তার পায়ের একটি অংশ কেটে যায়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
