জামালপুরে জমি দখলের অভিযোগ

ফন্ট সাইজ:

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফুলছেন্না এলাকার ভুক্তভোগী হাজী আ. রহমান মন্টু এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী আ. রহমান মন্টুর ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আ. রহমান মন্টু বলেন, আমার ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি আমরা দীর্য ৩৭ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। দীর্ঘদিন যাবৎ আমার জমির ওপর কুদৃষ্টি দেয় এলাকার বিএনপি নেতা ভূমিদস্যু দাঙ্গাবাজ নুরুল আলম সিদ্দিকী। সরকার ক্ষমতায় আসার পর বিএনপি’র নাম ভাঙিয়ে আশপাশে অনেকের জমি দখলের পাশাপাশি আমার জমি দখলের পাঁয়তারা করে আসছে। তিনি আরও বলেন, চলতি বছর ১২ই ফেব্রুয়ারি প্রথম আমার ভুট্টাক্ষেতের অনেক ভুট্টা কেটে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থানে মাটি ভরাট করার অপচেষ্টা করেন এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যপারে মেলান্দহ মাদারগঞ্জের এমপি, স্থানীয় পুলিশ প্রশাসনসহ বিএনপি’র নেতাকর্মীরাও অবগত আছেন। আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মন্টুর ছেলে মোস্তাফিজুর রহমান রানা বলেন, আমরা সবাই চাকরিজীবী মানুষ বাইরে থাকি। তিনি বিএনপি’র নাম ভাঙিয়ে আমাদের ওপর অত্যাচার করছে এবং জোরপূর্বক মাটি ফেলাইছে। আমরা এর বিচার দাবি করছি। অভিযুক্ত মেলান্দহ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য ও মেলান্দহ উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমাদের কারোরই অন্যায় করার কোনো সুযোগ নাই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে সকলকেই বিরত থাকতে হবে। কারও অন্যায় কর্মকাণ্ডের দায় দল নেবে না।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন